স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামকে বহিষ্কার করলো বিএনপি
দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কারণে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করে বিএনপি। তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বলে জানা যায়। এই আসনে রাশেদ খান বিএনপির মনোনয়ন পান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের সাংগঠনিক পদ হতে সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করা হলো।
একই সাথে তাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের পদ হতে বহিষ্কার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীদের বহিষ্কৃতদের সাথে কোনো রকমের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
