সুষ্ঠু ভোট সম্পন্ন করার জন্য সরকার বদ্ধপরিকর
অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এইজন্য সকল রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গতকাল (২৪ জানুয়ারি) দুপুর বেলা মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেছেন।
আসিফ নজরুল বলেছেন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ প্রস্তুত রয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের দুইটি বৈশিষ্ট্য হচ্ছে, পোস্টাল ব্যালটে ভোট। প্রবাসীরাও এই প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এইবার গণভোটও হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন আরো বেশি শক্ত হোক। আরো বেশি দৃঢ়তর হোক এইজন্য ‘হ্যাঁ’ ভোট দেয়া দরকার।
এই সময় সেখানে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকনুজ্জামান, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আল নোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবসহ বহু ব্যক্তি উপস্থিত ছিলেন।
স্বাধীনতার বার্তা / মেবি
