শোকজের জবাব দিয়েছেন সারজিস ও নওশাদ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি অমান্য করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দেন পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ও ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।
গতকাল (২৫ জানুয়ারি) আলাদাভাবে রিটার্নিং কর্মকর্তার নিকট এ নোটিশের জবাব দিয়েছেন তারা।
এর পূর্বে, শনিবার (২৪ জানুয়ারি) হেভিওয়েট এই দুই প্রার্থীকে আলাদাভাবে নোটিশ পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। নোটিশে ২৪ ঘণ্টার মাঝে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার বিকেল বেলা বিএনপি প্রার্থীর পক্ষ হতে তার নির্বাচনী এজেন্ট মুহম্মদ নওফল আরশাদ জমির শোকজের জবাব দাখিল করেছেন।
বিএনপি কার্যালয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের প্রার্থীর আচরণবিধি অমান্য করার বিষয়ে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীর এজেন্ট। তিনি দাবি করেছেন, শোকজ নোটিশে উল্লিখিত অভিযোগগুলো সম্পূর্ণ 'ভুল বোঝাবুঝি' ও 'অসম্পূর্ণ'।
অপরদিকে, লিখিত জবাবে 'অনিচ্ছাকৃত' ভুলের জন্য দুঃখ প্রকাশ করে আইনি ব্যবস্থা না নেওয়ার অনুরোধ জানিয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. সারজিস আলম।
স্বাধীনতার বার্তা / মেবি
