পোস্টাল ব্যালট নিয়ে কী বললেন নজরুল ইসলাম খান
আসন্ন নির্বাচনে বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য দাঁড়িপাল্লা, হাতপাখা ও শাপলা কলি প্রতীকগুলোকে পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গতকাল (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন।
নজরুল ইসলাম খান বলেছেন, পোস্টাল ব্যালটে এমনভাবে ধানের শীষ রাখা হয়েছে, যাতে করে সেটা ভোটারদের নিকট ভালভাবে দৃশ্যমান না হয়। এটিকে দৈব ঘটনা নয় বরং ইচ্ছাকৃত হিসেবে অভিহিত করেছেন তিনি।
তিনি বলেছেন, তিনটি রাজনৈতিক দলের প্রতীক প্রথম সারিতে রাখা কোনো অনিচ্ছাকৃত ঘটনা না। ব্যালট পেপার সংশোধনের বহু নজির রয়েছে। যেহেতু এখনো অনেক সময় রয়েছে, সেহেতু নতুন করে ব্যালট ছাপানোর দাবিও জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেছেন, অনেক রাজনৈতিক দলের প্রধানরা এমন বক্তব্য দিচ্ছেন যেটি নির্বাচনের আচরণবিধির আইনের অমান্য। বাহরাইনের মত ওমানেও জামায়াত প্রার্থীর নিকট পোস্টাল ব্যালট পেপারের ছবি প্রকাশ পেয়েছে, যেটি বেশ উদ্বেগজনক। সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।
বিএনপি সবাইকে নিয়ে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় উল্লেখ করে সব রাজনৈতিক দলকে এই প্রক্রিয়াতে সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনে দায়িত্বরতরা তাদের দ্বায়িত্ব যথাযথভাবে পালন করবে এরূপ প্রত্যাশাও করেছেন বিএনপির এ সিনিয়র নেতা।
স্বাধীনতার বার্তা / মেবি
