উখিয়াতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে গেছে সাড়ে ৪ শতাধিক ঘর
কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় সাড়ে ৪ শতাধিক ঘর। এর সঙ্গে ভস্মীভূত হয়ে গেছে ১০টি শিক্ষাকেন্দ্র, ২টি মসজিদ ও ১টি মাদ্রাসা। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন গৃহহীন প্রায় তিন হাজার রোহিঙ্গা খোলা আকাশের নিচে বসবাস করছে।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই আগুন লেগেছে।
ডি-ব্লকের এক বাসিন্দার রান্নাঘরে থাকা চুলা হতে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা স্থানীয়দের। ক্যাম্পটিতে বাঁশ ও ত্রিপলের ছোট ছোট ঘরে মোট ৩৪ হাজার রোহিঙ্গার বসবাস ছিল। ঘনবসতির জন্য আগুন দ্রুত নেভানো কঠিন। হুড়োহুড়িতে কয়েকজন আহত হলেও কোনো রকম প্রাণহানি ঘটেনি।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানিয়েছে, খবর পাওয়ার পরপরই আমাদের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ৩ ঘন্টার চেষ্টাতে ভোর ৫টা ৫০ মিনিটের দিকে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
