টঙ্গী একটি মার্কেটে আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি মার্কেটে এক ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। গতকাল (৫ মার্চ) রাত পৌনে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার মা সফুরউন নেছা মার্কেটে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনাতে এখন পর্যন্ত হতাহতের কোনো রকম খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী জানিয়েছেন, গতকাল রাত পৌনে ১২টার দিকে হঠাৎ করে টঙ্গী বাজার মা সফুরউন নেছা মার্কেটে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। মুহূর্তের মাঝে এই আগুন মার্কেটের ফোম, দরজা জানালার পর্দা, থাই এ্যালুমিনিয়াম ও কেমিক্যালসহ আশেপাশের নানা দোকানে ছড়িয়ে পড়েছে। এরপর স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিয়েছে।
খবর পাওয়ার পর টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এরপরে আগুনের তীব্রতা বিবেচনা করে উত্তরা ফায়ার স্টেশন হতে আরো দুটো ইউনিট ঘটনাস্থলে যোগ দিয়েছে। সর্বমোট ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এনেছে।
স্বাধীনতার বার্তা / মেবি
