অগ্নিকাণ্ডে প্রিন্টিং প্রেসসহ গাইবান্ধার ৫টি প্রতিষ্ঠান পুড়ে ছাই
গাইবান্ধা শহরের সার্কুলার রোডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাতে বাঁধন প্রিন্টিং প্রেসসহ মোট ৫টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে করে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল বেলা শহরের তাজ সিনেমা হল সংলগ্ন এলাকাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল বেলা হঠাৎ করেই বাঁধন প্রিন্টিং প্রেসে এই আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মাঝেই সে আগুন ছড়িয়ে যায় পাশের আদিত্য স্টোর, নিয়ত ভ্যারাইটিজ, ছোটনের দোকান ও রতন সেলুনে। আগুনের লেলিহান শিখা খুবই দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকাতে।
খবর পাওয়ার পর গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার ফাইটারদের আপ্রাণ চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসলেও, ততক্ষণে ওই পাঁচটি প্রতিষ্ঠানের ভিতরের সকল মালামাল, যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে নিঃশেষ হয়ে গেছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও অগ্নিকাণ্ডের সঠিক কারণ অথবা সূত্রপাত সম্পর্কে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে তদন্ত চলমান রয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
