মুহুরী নদী হতে নারীর লাশ উদ্ধার
পরশুরামের মুহুরী নদী হতে নাজমা আক্তার (৪৫) নামের মানসিক ভারসাম্যহীন একজন নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উত্তর বাউরখুমা গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী বলে পরিচয় জানা যায়।
বৃৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মুহুরী নদীর বাউরখুমা বাঘার ঘাটে ওই নারীর মৃতদেহ দেখে পুলিশকে খবর দিয়েছে স্থানীয়রা।
জানা যায়, বুধবার রাত দুইটার দিকে মায়ের সাথে ঘুমানোর কথা বলে ঘরের অন্য কক্ষে গিয়েছেন নাজমা আক্তার।
জয়নাল আবেদীন জানিয়েছেন, আমার শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। রাতে তার রুমে ঘুমিয়েছে নাজমা। সকালে ঘুম হতে উঠে তাকে বিছানাতে না দেখে নানা স্থানে খোঁজাখুঁজি করি। সকাল সাড়ে ১১টার দিকে বাঘার ঘাটে মুহুরী নদীতে আমরা তার লাশ ভাসতে দেখি। জয়নাল আবেদীন পেশায় একজন রাজমিস্ত্রি। জয়নাল ও নাজমা দম্পতির ঘরে দুই ছেলে ও এক মেয়ে আছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানিয়েছেন, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর জানালে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। লাশের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের উদ্দেশ্যে ফেনী সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
