ফের সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা
একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আজ (২২ জানুয়ারি) দুপুর বেলা সায়েন্সল্যাব মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই সময় লাঠি নিয়ে দু'পক্ষের মাঝে ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়া। একে-অপরকে লক্ষ্য করে ছুড়েছে বহু ইট-পাটকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠি চার্জ করে পুলিশ। নিক্ষেপ করা হয়েছে টিয়ার শেল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও অল্প সময়ের মাঝেই সেটি সংঘর্ষে রূপ নেয়। এতে করে এলাকাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এই সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, নিজেদের ব্যক্তিগত বিষয়গুলোকে সংঘর্ষের দ্বারা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। এই রকমের ঘটনাতে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি তুলেন তারা।
স্বাধীনতার বার্তা / মেবি
