ঢাকা বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনাতে ১৫ জন আহত হন।
আজ (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকাতে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদের ছুটিতে যাত্রীদের নিয়ে ঢাকা হতে বরিশাল যাচ্ছিল বাগদাদ পরিবহনের বাস। বাসটি তাঁতিবাড়ি এলাকাতে পৌঁছালে বিপরিত দিকে হতে আসা তরমুজ বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে দুই গাড়ির চালকসহ মোট ১৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ নানা হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনাতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে প্রায় এক ঘণ্টা। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করেছেন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে, বেপরোয়া গতির জন্যই এ দুর্ঘটনা ঘটেছে।
স্বাধীনতার বার্তা / মেবি
