চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গাতে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এই ঘটনাতে আহত হন প্রায় তিনজন। এই ঘটনায় আহতরা হলেন– বজলুর রহমান (২০), মোঃ মিনহাজ (২২) এবং মোঃ শুভ (২০)।
আজ (১৪ ফেব্রুয়ারি) ভোর বেলা সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মোঃ কালামের বাড়িতে কয়েকজন ককটেল তৈরির সময় হঠাৎ করে এই বিস্ফোরণ ঘটে। এতে করে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ২জন নিহত হয়েছেন। এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন তিনজন।
আহতদের প্রাথমিকভাবে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। আহতদের অবস্থা বর্তমানে বেশ আশঙ্কাজনক বলে জানা যায়। এই
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ। তিনি জানিয়েছেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলমান রয়েছে। আহতরা ককটেল তৈরির কাজের সাথে জড়িত আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এই ঘটনাতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
স্বাধীনতার বার্তা / মেবি
