বড়াইগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে একই জায়গায় দুইটি নির্বাচনি অফিস স্থাপন করা নিয়ে বিএনপির দু'পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাতে নির্বাচন পরিচালনা কমিটির জোয়াড়ী ইউনিয়নের সমন্বয়ক ও সাবেক ওয়ার্ড সদস্য কামাল হোসেন ও উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব সাজেদুর রহমান আহত হন বলে জানা যায়।
স্থানীয়রা জানিয়েছে, নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা আহম্মেদপুর বাজারে দুইটি আলাদা অফিস করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) সেখানে ধানের শীষের প্রচারণার জন্য উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী ও সদস্য সচিব শামসুল আলম রনির নেতৃত্বে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। নির্বাচনি প্রচারে লিফলেট বিতরণের পূর্বমুহুর্তে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দুইটি অফিসে আলাদাভাবে অবস্থান করেছেন। এই সময় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির নেতারা সবাইকে একত্রিত হতে বললে কথা কাটাকাটি শুরু হয়ে যায় ও এক পর্যায়ে তাদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। এতে করে দুইজন আহত হয়েছেন।
এই ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেছেন, আমরা এই বিষয়টি শুনেছি। কিন্তু এই ঘটনাতে কোনো পক্ষই লিখিত অভিযোগ করেননি। তাদের নেতারা বসে এই বিষয়টি আপোষ করবেন বলে শুনা গেছে।
স্বাধীনতার বার্তা / মেবি
