যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ
লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দেয়া অভিযোগ প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ।
টেলিগ্রামে দেয়া একটি বিবৃতিতে এই গোষ্ঠীটি উল্টো ইসরাইলের বিরুদ্ধে শুরু হতেই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনেছে। এই
বিবৃতিতে হিজবুল্লাহ সতর্ক করে বলে, ওয়াশিংটন ও নেতানিয়াহুর মাঝে হওয়া কোনো দ্বিপক্ষীয় চুক্তিতে লেবানন সরকারকে জড়ানোর চেষ্টা খুবই বিপজ্জনক। এ যুদ্ধবিরতি প্রক্রিয়াতে লেবাননের কোনো রকম ভূমিকা কিংবা অবস্থান ছিল না বলে তারা উল্লেখ করেছে।
হিজবুল্লাহর দাবি হচ্ছে, অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার প্রথম দিন হতেই ইসরাইলি বাহিনী অব্যাহতভাবে নিয়ম অমান্য করে আসছে। দখলকৃত জমিতে ইসরাইলি সেনাদের জমায়েত লক্ষ্য করে আক্রমণ করা ও উত্তর ফিলিস্তিনের বসতিগুলোতে বোমা হামলা চালানোকে ইসরাইলি আগ্রাসনের ‘বৈধ জবাব’ হিসেবে অভিহিত করে এই গোষ্ঠীটি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, লেবানন কর্তৃপক্ষের আশা ছিল যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কারণে দক্ষিণ লেবাননে বাড়িঘর ধ্বংস ও বোমা হামলা বন্ধ করা হবে। তবে হিজবুল্লাহর অভিযোগ যে, ইসরাইল হামলা ও আগ্রাসন আরও বৃদ্ধি করে দিয়েছে, যেটি তাদের আন্তর্জাতিক আইন ও কনভেনশনের প্রতি অবজ্ঞারই একটি বহিঃপ্রকাশ। দক্ষিণ লেবাননে ইসরাইলের ঘনঘন হামলার বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার ইঙ্গিত দেয় এই গোষ্ঠীটি।
স্বাধীনতার বার্তা / মেবি
