অবশেষে চীন কানাডা সম্পর্কে নতুন মোড়
দীর্ঘদিন যাবত টানাপোড়েনের পরে চীন ও কানাডার সম্পর্কে এসেছে বড় পরিবর্তন। বেইজিংয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে শুল্ক কমানোর ঘোষণা দেয় দু'দেশ।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বৈঠক শেষে জানানো হয়েছে, কানাডার ক্যানোলা তেলের উপর চীনের শুল্ক ৮৫ শতাংশ হতে কমে হবে মাত্র ১৫ শতাংশ।
এর বদলে কানাডা চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক কমিয়ে নিয়ে আসবে ৬ দশমিক ১ শতাংশে। কিন্তু বছরে সর্বোচ্চ ৪৯ হাজার চীনা ইলেকট্রিক গাড়ি কানাডাতে ঢুকতে পারবে।
প্রায় এক দশকের মাঝে চীন সফর করা প্রথম কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নির জন্য এইটি এক বড় কূটনৈতিক সাফল্য। যুক্তরাষ্ট্রের অনিশ্চিত শুল্কনীতির জন্য বিকল্প বাণিজ্যিক অংশীদার খুঁজছে কানাডা।
কার্নি সংবাদ সম্মেলনে বলেছেন, 'চীনের সাথে আমাদের আলোচনা বাস্তবসম্মত ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হয়।'
কিন্তু মানবাধিকার, নির্বাচন হস্তক্ষেপ ও তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের সাথে মতপার্থক্য স্পষ্ট করে অটোয়া। বিশ্লেষকদের মত অনুসারে, এ সমঝোতা শুধু দুই দেশের সম্পর্ক নয়, বরং বৈশ্বিক বাণিজ্য রাজনীতিতেও একটি নতুন বার্তা দিচ্ছে।
স্বাধীনতার বার্তা / মেবি
