লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবরের সন্ধান
লিবিয়ার পূর্বাঞ্চলে আরো একটি গণকবরের সন্ধান মিলে। এতে উদ্ধার করা হয় অন্তত ২১টি মরদেহ। একটি প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
নিহত সকলে অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে জানায় কর্তৃপক্ষ। নিহতদের মাঝে নারী ও শিশুরাও আছে। অনেকের শরীরেই দেখা মিলেছে নানা রকম আঘাতের চিহ্ন।
ধারণা করা যাচ্ছে, পাচারকারীদের নির্মম নির্যাতনের শিকার হয়েছিল তারা। অভিবাসন প্রত্যাশীদের এই দলটিতে থাকা ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বন্দিদশা হতে পালাতে সক্ষম হয়েছে তারা। সাব সাহারা অঞ্চল হতে উন্নত জীবনের আশা করে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল এই দলটি।
গোপন সূত্রে খবর পাওয়ার পর আজদাবিয়া শহরে তল্লাশি অভিযান চালিয়েছে লিবিয়া প্রশাসন। জমির মালিককে জিজ্ঞাসাবাদের পরে তিনি স্বীকার করেছেন এই গণকবরের কথা। এই ঘটনাতে আটক করা হয় বেশ কয়েকজনকে। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে তদন্ত।
স্বাধীনতার বার্তা / মেবি
