বাংলাদেশকে বিশ্বকাপ হতে বাদ দিলো আইসিসি
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২১ জানুয়ারি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা ডাকে। নিরাপত্তা ইস্যুতে ভারতে আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশের যে আপত্তি, সেটি নিয়ে হয়েছে ভোটাভুটি। যেখানে সিদ্ধান্ত গেছে সম্পূর্ণ বাংলাদেশের বিপক্ষে। যদিও এ ভোটাভুটি নিয়ে রয়েছে বহু প্রশ্ন।
আইসিসি সেদিনই বাংলাদেশকে জানিয়ে দিয়েছে, যদি খেলতে হয় তাহলে যেতে হবে ভারতে, নয়তো বিকল্প দলকে বাছাই করা হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বাংলাদেশকে আরো ২৪ ঘণ্টা সময় দেয় এই সংস্থাটি।
তবে বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় রয়েছে। এর মাঝে ক্রিকেটারদের সাথেও বসে সরকার। ভারতে খেলতে যাওয়ার বিষয়ে সরকার কেন রাজি না ও সেখানে খেলতে গেলে কী রকমের ঝুঁকিতে পড়তে পারে, এই নিয়ে নানা সংস্থার ক্লাসিফাইড (গোপনীয়) তথ্য ক্রিকেটারদের সামনে তুলে ধরা হয়।
বৈঠকের পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, তাদেরকে (ক্রিকেটার) আমরা যেটি বুঝাতে চেয়েছি, তারা সেটি বুঝতে পেরেছে।
বিসিবি আশা করছিল, তাদের অবস্থান বিবেচনা করে শ্রীলঙ্কাতে খেলার সুযোগ দিবে আইসিসি। তবে তা আর হলো না। সময়সীমা শেষ হওয়ার দুই দিনের মাথাতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়ার কথা জানায় আইসিসি। ক্রিকবাজের একটি প্রতিবেদনে এরূপ তথ্য জানানো হয়।
আইসিসি র্যাঙ্কিংয়ের ১৪ নম্বর দল স্কটল্যান্ডকে টি-২০ বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়ার ক্ষেত্রে তাদের বর্তমান অবস্থানের পাশাপাশি গত আসরগুলোর পারফরম্যান্স বিবেচনা করা হয়। এবার গ্রুপ 'সি'-তে খেলবে স্কটল্যান্ড। ৭ ফেব্রুয়ারি কলকাতাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এই বিশ্বকাপ মিশন। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে। এরপরে ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে খেলবে তারা।
স্বাধীনতার বার্তা / মেবি
