সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এই প্রথমবার অংশগ্রহণ করে অভিজ্ঞতা খুব ভালো হলো না নোয়াখালী এক্সপ্রেসের। লিগ পর্বে নিজেদের এক ম্যাচ বাকী থাকা সত্ত্বেও টুর্নামেন্ট হতে ছিটকে গেছে এই দলটি। নিজেদের নবম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের নিকট ৫ উইকেটে হেরে গেছে তারা। এতে করে প্লে অফে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে এই দলটির।

গতকাল (১৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করার জন্য নামে নোয়াখালী।

এই দিন নোয়াখালীর হয়ে বড় কোনো রানের দেখা পাননি ব্যাটাররা। দলের পক্ষ হতে সর্বোচ্চ ২৫ রান করেন হাসান ইসাখিল। এছাড়াও ২৩ রান করেন জাকের আলী অনিক। ৩ ওভার ৫ বলে ৯ রান খরচাতে ৫ উইকেট শিকার করেছেন শরীফুল। এতে করে বাংলাদেশি পেসারদের মাঝে বিপিএলের সবচেয়ে কম রান খরচ করে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন এ পেসার।

১২৭ রানের ছোট এই লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে শুরুটা খুব ভালো হয়নি চট্টগ্রামের। দলীয় ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চরম চাপে পড়েছে বন্দর নগরীর এই দলটি। এরপরে মেহেদী হাসান ও হাসান নেওয়াজ মিলে চাপ সামাল দেয়ার চেষ্টা করেছেন।

কিন্তু ১৪ বলে ১১ রান করে সাজঘরে ফিরে গিয়েছে হাসান। এরপরে আসিফ আলিকে সাথে নিয়ে সাবলীলভাবে ব্যাট করেন মেহেদী। কোনো রকম বিপদ না ঘটিয়ে ১৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে চট্টগ্রাম। মেহেদী ৩৬ বলে ৪৯ এবং আসিফ ৩০ বলে ৩৬ রানে অপরাজিত থেকেছেন।

এখন অবধি ৯ ম্যাচ খেলে মাত্র ২টি জয়ের দেখা পায় নোয়াখালী। ৭টি হারের তেঁতো স্বাদ পায় তারা। মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে অবস্থান করছেন নোয়াখালী। অপরদিকে ৮ ম্যাচ খেলা ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর