ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান: হতাহতের খবর নেই
আফগানিস্তানে ফের ভূমিকম্পের আঘাত: শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে দেশটিতে ৩.৭ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) নিশ্চিত করেছে যে, স্থানীয় সময় ভোর ৫টা ০৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
এনসিএস আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎস ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এই ঘটনায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান বারবার ভূমিকম্পের সম্মুখীন হচ্ছে। এই কম্পনের মাত্র কয়েকদিন আগেই গত মঙ্গলবার ভোরে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এর আগে, গত ১৭ অক্টোবর সন্ধ্যায় উত্তর আফগানিস্তানে ৫.৫ মাত্রার একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়, যা এক মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা চতুর্থ এবং মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে অনুভূত হওয়া দ্বিতীয় ভূমিকম্প ছিল।
