সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

নবীজিকে অবমাননাকারী কে এই উত্তম কুমার

পুলিশ গ্রেফতার করেছে মহেশখালীর এই ব্যক্তিকে

মহেশখালীতে ধর্ম অবমাননার অভিযোগে উত্তম কুমার দে নামে এক যুবককে গ্রেফতার করেছে মহেশখালী থানার পুলিশ। ২৪ অক্টোবর মধ্যরাতে চিরুনি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক। এর আগে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে বিরূপ মন্তব্য করেন উত্তম কুমার দে ও অসীম দে নামে দুই হিন্দু যুবক।

এ ঘটনার পর আলেম সমাজ সোচ্চার হয়ে প্রশাসনকে বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালে দুই অভিযুক্তকে আইনের আওতায় আনার নির্দেশ দেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেদায়েত উল্লাহ। সংবাদ মাধ্যমকে পাঠানো এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনও জানান- ধর্ম নিয়ে কটূক্তি করা যুবকদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সবাইকে ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।

অভিযুক্তকে গ্রেফতার পরবর্তী ইউএনও জানান, পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং এখনো আছে, কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছি। নির্দেশনা পাওয়ার পরপরই চিরুনি অভিযান শুরু করে মহেশখালী থানা পুলিশ। পরে প্রযুক্তি ও নিজস্ব সোর্সের মাধ্যমে খবর পেয়ে উত্তম কুমার দেসহ ৬ জনকে পুলিশ হেফাজতে আনা হয়৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। পরে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ওই দুই হিন্দু যুবক মহেশখালীতে হঠাৎ ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত হানলে মুসলিম ধর্মাবলম্বীরা তাদের বিতর্কিত হিন্দু সংগঠন ইস্কনের সদস্য বলে ফেসবুকে লিখালিখি করছেন। সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি যাতে ধর্মীয় দাঙ্গা সংঘটিত করতে না পারে সেদিকে প্রশাসনকে নজর রাখার অনুরোধ জানিয়েছেন তারা।

অন্যদিকে ধর্মীয় বিষয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার তোপে পড়া উত্তম কুমার ও অসীম দে নামে হিন্দু দুই যুবককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা গেছে। এক পোস্টে উত্তম লিখেন- আমি কোনো ধর্মকে ছোট করতে শিখিনি, পরিবার আমাকে শিক্ষা দেয়নি, আমার একটি কমেন্টকে কেন্দ্র করে আমার উপর ধর্ম অবমাননার অভিযোগ তোলা হচ্ছে বিষয়টা খুব দুঃখজনক, আমার কমেন্ট যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল (হক) বলেন- ধর্ম নিয়ে সমালোচনার মুখে পড়া উত্তম কুমারকে আইনের আওতায় আনা হয়েছে৷ এ নিয়ে মুসলিম ধর্মাবলম্বীসহ সকলে সহযোগিতা করেছে। বর্তমানে উত্তম কুমার পুলিশ হেফাজতে রয়েছে। আইনশৃঙ্খলার সার্বিক দিক খেয়াল রাখা হচ্ছে। অপরাধ করলে কেউ ছাড় পাবে না। ইস্কনের বিষয়ে উত্তমকে জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বাধীনতার বার্তা/মায়া

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর