রংপুরের দুই তরুণ নির্মাতার জুটিতে আসছে নাটক ‘উজান ভাটির সংসার
রংপুরের দুই তরুণ নির্মাতা ও সৃজনশীল কর্মী আব্দুল্লাহ আলিফ এবং নিয়ামুল মেরাজ পিয়ালের যৌথ উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে নতুন নাটক ‘উজান ভাটির সংসার’। Beyond Films-এর ব্যানারে নির্মিত এই নাটকটির পরিচালনা করেছেন আব্দুল্লাহ আলিফ এবং সংলাপ লিখেছেন নিয়ামুল মেরাজ পিয়াল।
ইতোমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে এবং এর মিউজিক ভিডিওও প্রস্তুত রয়েছে। নির্মাতারা জানান, খুব শিগগিরই নাটকটির পোস্টার, প্রচারণামূলক কনটেন্ট এবং অন্যান্য তথ্য প্রকাশ করা হবে।
নাটকটিতে অভিনয় করেছেন সৈকত প্রামাণিক, নূর এ কাঞ্চন, ইয়ামিন শিমুল, খায়রুন নিশাত মনি, শিখ চাঁদনী, ইশা, শফিকুলসহ আরও অনেকে।
তরুণ নির্মাতা আব্দুল্লাহ আলিফ বলেন, “নাটকটিতে পারিবারিক সম্পর্ক, আবেগ এবং বাস্তব জীবনের নানা টানাপোড়েন তুলে ধরার চেষ্টা করেছি।”
সংলাপ লেখক নিয়ামুল মেরাজ পিয়াল জানান, “গল্প ও সংলাপের মাধ্যমে দর্শকদের জীবনের পরিচিত কিছু অনুভূতি এবং সামাজিক বাস্তবতা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।”
রংপুরের দুই তরুণ নির্মাতা ও স্ক্রিপ্ট রাইটারের এই নতুন কাজটি নিয়ে স্থানীয় নাট্যপ্রেমীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। শিগগিরই নাটকটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
