লেবাননে বোমা হামলা বন্ধের ইসরাইলকে ট্রাম্প সতর্ক
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইল আর লেবাননে কোনো বোমা হামলা চালাবে না। তিনি দাবি করেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরাইলকে স্পষ্টভাবে নিষেধ করেছে। তাঁর ভাষায়, “এখন যথেষ্ট হয়েছে।”
তবে ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো চুক্তির সঙ্গে লেবাননের বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর ট্রাম্পের মন্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী এখনো অবস্থান করছে, কারণ সেখানে ‘তাৎক্ষণিক হুমকি’ রয়েছে।
তিনি আরও বলেন, রকেট ও ড্রোন হামলার ঝুঁকি মোকাবিলায় কিছু সামরিক পদক্ষেপের পরিকল্পনা রয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি বৃহস্পতিবার রাত ৯টা থেকে কার্যকর হয়। এর আগে ২ মার্চ হিজবুল্লাহর উত্তর ইসরাইলে হামলার পর সংঘাত শুরু হয়, যা পরবর্তীতে বড় আকার ধারণ করে। লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই সংঘাতে প্রায় ২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
