সংরক্ষিত নারী এমপি: বেতন ও বিশেষ সুবিধাসমূহ
জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দলগুলো ৬ আসনের বিপরীতে একটি করে সংরক্ষতি নারী আসন পেয়ে থাকে। সে অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০ সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি ৩৬ আসন, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট ১৩ এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পাবে।
যেহেতু ৩০০ আসনে নির্বাচিত এমপিরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। প্রশ্ন হচ্ছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরাও (এমপি) কি অন্য সংসদ সদস্যদের মতো বেতন-ভাতা ও একই সুযোগ-সুবিধা পান?
সংরক্ষিত আসনের ৫০ নারী সংসদ সদস্য রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন-ভাতা ও নানা ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
এসব সুবিধা নির্ধারিত হয়েছে ‘মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস), ১৯৭৩’ বা ‘সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ, ১৯৭৩’ অনুযায়ী। এটি বিভিন্ন সময়ে সংশোধন করা হয়েছে, সর্বশেষ ২০১৬ সালে সংশোধন করা হয়।
আইন অনুযায়ী, একজন সংসদ সদস্য নিয়মিত ৫৫ হাজার টাকা মাসিক বেতন ছাড়াও ন্যাম ভবনে একটি আলিশান ফ্ল্যাট, পরিবহণ, অফিস, চিকিৎসা, ভ্রমণ, বিনা শুল্কে গাড়ি আমদানি, বিমা ও নানা ধরনের ভাতা পেয়ে থাকেন। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের মতোই নারী সংসদ সদস্যরা সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সংসদ সদস্য একই। সংরক্ষিত এবং সরাসরি ভোটে নির্বাচিতদের মধ্যে কোনো পার্থক্য নেই। যোগ্যতা এবং সুযোগ সুবিধা একই। এমপি তো এমপিই। একজন নির্বাচিত এমপি বেতন-ভাতাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেন। সংরক্ষিত নারী সংসদ সদস্যরাও একই ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
