সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ইসলাম ধর্মে নারীকে মা, স্ত্রী, কন্যা ও পরিবারের নানা পরিচয়ে যে সর্বোচ্চ সম্মান ও অধিকার দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সমাজ এখনো অনেক পিছিয়ে রয়েছে। শুধু সাধারণ মানুষই নয়, অনেক ক্ষেত্রে দ্বীনদার শ্রেণির মধ্যেও নারীদের ন্যায্য হক ও অধিকার প্রদানে ঘাটতি দেখা যায়। এই সামাজিক সংকট নিরসনে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে ইনসাফ ফাউন্ডেশন নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরস্থ মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের কুবা মসজিদে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

“শরীয়ার আলোকে নারী নির্যাতন রোধ ও নারীর ন্যায্য হক প্রতিষ্ঠা” শীর্ষক এই সেমিনারে স্থানীয় উলামায়ে কেরাম, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার প্রিন্সিপাল ও ইনসাফ ফাউন্ডেশনের সভাপতি মুফতী মাহমুদুল হাসান দা.বা.। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার দা.বা.।

অনুষ্ঠানের শুরুতে ইনসাফ ফাউন্ডেশনের পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরে সাবলীল আলোচনা পেশ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তাহমীদুল মাওলা দা.বা.।

মূল আলোচনায় বক্তারা নারীর অধিকার ও সুরক্ষার ওপর জোর দিয়ে বলেন, “মা, বোন, স্ত্রী কিংবা মেয়ে—আল্লাহ তাআলার দেওয়া এসব নেয়ামতের প্রকৃত মূল্য আমরা অনেক সময়ই বুঝতে পারি না। প্রায় প্রতি ক্ষেত্রেই নারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দেখা যায়, বাবারা ছেলেদের নামে সম্পত্তি কিনলেও মেয়েদের বঞ্চিত করেন। এরপর বাবা মারা যাওয়ার পর ভাইয়েরাও বোনদের প্রাপ্য অংশ বুঝিয়ে দিতে নানা টালবাহানা করেন। অর্থাৎ, জীবনের শুরুটা হয় বাবার মাধ্যমে বঞ্চনা দিয়ে, এরপর ভাই এবং পরবর্তীতে অনেক সময় স্বামীও তাদের যথাযথ অধিকার ও মর্যাদা দিতে ব্যর্থ হন।”

আলোচকরা আরও বলেন, সমাজ ও পরিবারে নারীর ওপর সব ধরনের নির্যাতন ও অধিকারবঞ্চনা রোধ করতে হলে ইসলামের সুমহান শিক্ষা ও ইনসাফের নীতি আঁকড়ে ধরতে হবে। পাশাপাশি সব ধরনের অন্যায় ও পাপকাজ থেকে নিজেদের দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সেমিনারে উপস্থিত মুসল্লি ও অতিথিরা অত্যন্ত গুরুত্বের সাথে পুরো আলোচনা শ্রবণ করেন। দেশের প্রতিটি প্রান্তে নারী-পুরুষ উভয়ের শরিয়তসম্মত অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার দাবি জানান তারা।

পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মুফতী মাহমুদুল হাসান দা.বা., যার মাধ্যমেই সেমিনারটির সমাপ্তি ঘটে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর