গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের কর্মসূচি ঘোষণা
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় ধাপের কর্মসূচি চলবে।
কর্মসূচির অংশ হিসেবে ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিল, ২৫ এপ্রিল সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ২ মে প্রতিটি জেলা শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারাদেশে সেমিনার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, জাতীয় সংসদের বিরোধী দলের সদস্যদের কণ্ঠরোধ করা হচ্ছে এবং জনগুরুত্বপূর্ণ দাবিগুলো উপেক্ষিত হচ্ছে। তিনি স্বাস্থ্যখাতের অবনতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও প্রশাসনে দলীয়করণের কথাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ব্যাংক খাতে সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, রাষ্ট্রীয় ক্ষমতা বা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ন্যায্য আন্দোলন দমন করা সম্ভব নয় এবং অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত।
