ঢাকার বাহিরে যেসব জেলায় চালু হবে ‘ফুয়েল পাশ’
শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে যে ফুয়েল পাশ বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রম আরও সম্প্রসারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ জেলায় নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ফুয়েল পাশ বিডি সিস্টেমে নিবন্ধনের আওতায় আনা হবে।
এছাড়া, ঢাকা জেলায় আজ থেকেই আরও ১৮টি পেট্রোল পাম্পে এই পাইলটিং কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। ধাপে ধাপে এটি দেশের অন্যান্য জেলাতেও চালু করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোড ভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। প্রথম পর্যায়ে এটি শুধুমাত্র মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য উন্মুক্ত করা হয়। সফলভাবে পাইলটিং সম্পন্ন হলে পরবর্তীতে দেশের সব ধরনের যানবাহনের জন্য অ্যাপটি চালু করার পরিকল্পনা রয়েছে।
