ইরানি নারীদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের শপথ
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়, এই সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ইসলামি বিপ্লবের নতুন নেতার’ প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং দেশ রক্ষার অঙ্গীকারও ব্যক্ত করেন। একই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) ইরানে পালিত ‘কন্যা শিশু দিবস’ উপলক্ষে এই আয়োজন করা হয়। প্রচারিত ভিডিওতে দেখা যায়, সমাবেশে অংশ নেওয়া নারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে এবং কিছু ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন করে যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন।
প্রেস টিভির ফুটেজে এক তরুণীকে বলতে শোনা যায়, তারা ঐক্যবদ্ধভাবে “আমেরিকান ও ইহুদিবাদী শত্রুদের পরাজিত করতে চান” এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকে দেশজুড়ে নিয়মিতভাবে সরকারপন্থি বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এসব কর্মসূচি সাধারণত ইসলামি প্রজাতন্ত্র সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজন করা হয়।
এদিকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী সোমবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী বুধবার (২২ এপ্রিল) এর মধ্যে যদি কোনো কার্যকর চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
