সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার পর গলা কেটে হত্যার মামলায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বিচার শুরুর মাত্র ১২ কার্যদিবসের মধ্যেই মামলার রায় ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী আব্বাস হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, নিহত শিশুটি সীতাকুণ্ডের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা পেশায় টমটমচালক।

গত ১ মার্চ সীতাকুণ্ড ইকোপার্ক-সংলগ্ন পাহাড়ি এলাকায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করার পর ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর সংবাদ সম্মেলনে চট্টগ্রামের তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, শিশুটির বাবার সঙ্গে পূর্ব বিরোধের জেরে বাবু শেখ হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, ১ মার্চ সকালে তিনি শিশুটিকে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে আনেন। পরে কুমিরা থেকে বাসে করে সীতাকুণ্ডে নিয়ে গিয়ে বোটানিক্যাল গার্ডেন-সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে গলা কেটে হত্যার চেষ্টা চালান।

সেদিন দুপুরে সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা পাহাড়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পান। জঙ্গল থেকে হেঁটে তাদের কাছে পৌঁছানোর পর শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শিশুটির মৃত্যুর পর ৩ মার্চ দুপুরে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যম পুলুপাড়া এলাকায়। তিনি সীতাকুণ্ডে নিহত শিশুটির পরিবারের পাশের একটি বাসায় ভাড়া থাকতেন।

এ ঘটনায় শিশুটির মায়ের দায়ের করা মামলার তদন্ত শেষে গত ১১ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ১৮ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং ২১ জুন থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মাত্র ১২ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করেন।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর