বন্ধু নির্বাচন: দীর্ঘ পথের কঠিন পরীক্ষা
পর্ব ০২
পরিচয় থেকে প্রণয়। বন্ধুত্ব কখন যে হয়ে যায়, তা টের পাওয়াও বড়ই মুশকিল। "তুমি আমার বন্ধু হবে?"—এভাবে কখনোই প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে না। বরং খেলতে খেলতে, চলতে চলতেই গড়ে ওঠে জীবনের অন্যতম সেরা এই সম্পর্ক।
রাস্তার নতুন ইটের কংকর ও বালির ওপর সাথে সাথেই পিচ ঢালাই যেমন টেকসই হয় না, তেমনি হঠাৎ গড়ে ওঠা বন্ধুত্বও কখনো টেকসই হয় না। নতুন কংকর আর এবড়োখেবড়ো পথে হাজারো পদচিহ্ন এবং রোলারের লৌহচাকার অসহনীয় চাপ সহ্য করার পর যখন রাস্তায় স্থিরতা ও মসৃণতা ফেরে, কেবল তখনই তা পিচ ঢালাইয়ের উপযুক্ত বলে বিবেচিত হয়। রোলারের চাপে থেঁতলে গেলে বা ধসে পড়লে তাকে অনুপযুক্ত ধরে নিয়ে আবার নতুন করে ঢেলে সাজানো হয়। দীর্ঘ সময়ের ব্যয় ও কঠিন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া অবধি পিচ ঢালাই করতে যাওয়া যেমন বোকামি ও চূড়ান্ত ভুল, বন্ধুত্বের ক্ষেত্রেও বিষয়টি ঠিক তেমনই।
আমরা কেমন বন্ধু চাই?
বন্ধু কেমন হওয়া চাই? পৃথিবীর সর্বোত্তম বন্ধুর পবিত্র জবানে এ সম্পর্কে বহুবার উল্লেখ করা হয়েছে। তবে তার আগেই আপনার কাছে, বা বলতে পারেন আপনার বিবেকের কাছে আমার জিজ্ঞাসা—আপনি কাকে বন্ধু হিসেবে পেতে চান?
আরও সহজ করে বলি—স্বীকৃত সর্বোত্তম ব্যক্তিকে? নাকি সমাজের নিকৃষ্ট কোনো মানুষকে?
অবশ্যই স্বীকৃত সর্বোত্তম ও ভালো মানুষকেই সবাই আপন করে পেতে চায়। এটি সব সম্পর্কের ক্ষেত্রেই এক। নিজের মেয়ের বিয়ে কেউ স্বীকৃত খারাপ মানুষের কাছে দেওয়া তো দূরের কথা, এমন প্রস্তাবের কথা কল্পনাও করতে পারেন না। অথচ, অনেক সময় অজান্তেই আপনি ঘুরেফিরে সেই স্বীকৃত খারাপ মানুষের পেছনেই ছুটছেন মেয়েকে বিয়ে দিতে! শুধু সাময়িক চাকচিক্য ও মোহের কারণে।
কিংবা আপনি এতটাই বোকা যে, এখনো পর্যন্ত ‘সর্বোত্তম মানুষের’ সংজ্ঞাই আপনার অজানা; অথচ সময়ের পরিক্রমায় আপনি হয়তো এখন নানা-দাদা হতে চলেছেন!
ভুলে ভরা নির্বাচন
হায় আফসোস! শৈশব, কৈশোর ও যৌবনকালটাই আপনার বৃথা গেল। আপনি নিশ্চিত থাকেন যে, আপনি জানেনই না কে আপনার প্রকৃত বন্ধু! সর্বোত্তম মানুষ ছাড়া আপনি এতদিন যার-তার কাছে বন্ধুত্বের জন্য ধর্না দিয়েছেন, নিশ্চিতভাবেই আপনি ধোঁকা খেয়েছেন। আর বাকি জীবনটাও আপনার এই ধোঁকার মধ্য দিয়েই যাবে। কারণ, আপনার বন্ধু নির্বাচন ছিল বড়ই ভুলে ভরা।
এখন প্রশ্ন হলো, স্বীকৃত সর্বোত্তম মানুষ কে? এর মাপকাঠি কী? ‘স্বীকৃত’ শব্দটিরই বা মাপকাঠি কী? এটি কি স্রেফ ধর্মের চোখ দিয়ে বিবেচনা করব? নাকি জগৎজোড়া বন্ধুত্বের স্বীকৃতিপ্রাপ্ত পরম বন্ধুর জবানে শুনব?
(চলবে...)
আহমদ সিরাজী
মুহাদ্দিস, জামিয়া নূরে মদিনা মালিবাগ, ঢাকা
সহযোগী সম্পাদক, স্বাধীনতার বার্তা ও স্বাধীন কলম।
সিইও, ব্রিং ফোর্থ গ্লোবাল (BFG)।

0 মন্তব্য রয়েছে