আহমদ সিরাজী।ফাইল ছবি

শত্রু-মিত্র—পৃথিবীর শুরু থেকেই চলে আসা এক চিরচেনা সম্পর্ক। প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই সম্পর্কের অস্তিত্ব থাকবেই।

ইসলামের সোনালি যুগেও বন্ধুত্বের সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। অনেকেই ‘হালিফ’ শব্দের সাথে পরিচিত। হালিফ হলো একে অপরের সাহায্যে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। ইসলাম তো শর্তসাপেক্ষে এই মিত্রকে উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিকানাও দিয়েছে। মূলত বন্ধু মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ইসলামও এই সম্পর্কটিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে।

সফলতার সোপান ও ব্যর্থতার কারণ

মানুষের জীবনের ওপর সবচেয়ে বড় প্রভাব থাকে বন্ধুর। পরিবার যা পারে না, একজন বন্ধু মুহূর্তের মধ্যেই তা করে ফেলতে পারে। মানুষের সফলতা ও ব্যর্থতা—উভয় ক্ষেত্রেই সবচেয়ে বড় সঙ্গী হলো তার বন্ধু। মানুষ যেমন বন্ধুত্বের হাত ধরে সফলতার চূড়ায় পৌঁছায়, তেমনি ব্যর্থতার গহ্বরেও নিপতিত হয় এই বন্ধুর কারণেই।

আমাদের নবীয়ে মুরসালিনের (সা.) সফলতার বৃহৎ অংশের দাবিদার তাঁর পরম বন্ধু আবু বকর সিদ্দিক (রা.)। এটি ছিল জগৎ কাঁপানো এক বন্ধুত্বের প্রতি চরম শ্রদ্ধার বহিঃপ্রকাশ। পৃথিবীর ইতিহাসে পরম যত্নে লেখা থাকবে ‘সিদ্দিক’ উপাধির নেপথ্যের গল্প। মেরাজের মতো অবিশ্বাস্য ঘটনাকেও যিনি বিন্দুমাত্র দ্বিধা ছাড়া দৃঢ় বিশ্বাসের সাথে সত্য বলে আখ্যা দিয়েছেন, দেখিয়েছেন চূড়ান্ত আস্থা। আজ ইসলামের জয়গানের পরতে পরতে বন্ধু সিদ্দিকের অবদান, কৃতিত্ব, ভালোবাসা ও আস্থার কোমলতা খুঁজে পায় বিশ্ববাসী। হিজরতের সময় গারের (গুহা) ভেতর যখন চরম উৎকণ্ঠা, তখন উচ্চারিত হয়েছিল—"লা তাহযান, ইন্নাল্লাহা মাআনা" (ভয় পেয়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন)। সেদিন গর্তের ভেতর আল্লাহ ও তাঁর রাসুলের (সা.) সাথে তৃতীয় ব্যক্তি অন্য কেউ ছিলেন না; ছিলেন স্বয়ং রাহমাতুল্লিল আলামিনের সেই পরম বন্ধু।

কোরআনের আলোকে সৎ সঙ্গ

বন্ধু যেমন সফলতার অন্যতম সোপান, তেমনি জীবনের ব্যর্থতার গল্পের মূল ভিলেনও হতে পারে একজন অপদার্থ বন্ধু। পবিত্র কোরআনে এই সহচর ও সংশ্রবকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনের নির্দেশ—"কুনু মাআস সাদিকিন" (তোমরা সত্যবাদীদের সাথী হও)।

সত্যবাদী ও সৎ মানুষের সাথে চলার আদেশ পবিত্র কালামে বহুবার উচ্চারিত হয়েছে। মানুষ যত বড় শিক্ষিত ও ভদ্র ঘরেরই হোক না কেন, বন্ধু নির্বাচনে ভুল হলে তার দুনিয়া ও আখিরাত—উভয়ই ধ্বংস হওয়া অনিবার্য।

বন্ধু নির্বাচনে সতর্কতা

যাকে-তাকে বন্ধু বানানো চরম বোকামি। আমরা জীবনের সবকিছু খুব নিপুণভাবে নির্বাচন করলেও, বন্ধু নির্বাচনে গিয়ে সবচেয়ে বড় ভুলটি করে বসি। বন্ধুত্বের পথচলা অনেক দীর্ঘ। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সফলতার মুখ দেখা অনেকটা ধৈর্য ও বিচক্ষণতার ব্যাপার।

একটি কলামে বা সংক্ষিপ্ত পরিসরে বন্ধুত্বের সবটুকু তুলে আনা মুশকিল। তবে মহান আল্লাহর তাওফিক থাকলে আগামীতে বন্ধু নির্বাচন ও পথচলার একটি পূর্ণাঙ্গ রূপরেখা আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস চালাব ইনশাআল্লাহ।

........চলবে

আহমদ সিরাজী

মুহাদ্দিস, জামিয়া নূরে মদিনা মালিবাগ, ঢাকা

সহযোগী সম্পাদক, স্বাধীনতার বার্তা ও স্বাধীন কলম।

সিইও, ব্রিং ফোর্থ গ্লোবাল (BFG)।

আরও পড়ুন...

0 মন্তব্য রয়েছে

একটি মন্তব্য করুন

চিন্তা করবেন না! আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

জনপ্রিয় ব্লগ

বিভাগ

সর্বশেষ ব্লগ